পুরোনো ইউএসবি ড্রাইভ ফেলে দেওয়ার আগে যেভাবে তথ্য মুছে ফেলবেন

প্রকাশ:

অনেকেই পুরোনো বা কম ধারণক্ষমতার ইউএসবি ড্রাইভ বা পেনড্রাইভ অকেজো মনে করে ময়লার ঝুড়িতে ফেলে দেন। কিন্তু এটি মোটেও নিরাপদ নয়। কারণ, সাধারণ পদ্ধতিতে ফাইল মুছে ফেললেও ড্রাইভে তথ্যের কিছু অংশ থেকে যেতে পারে। বিশেষ সফটওয়্যারের মাধ্যমে যে কেউ আপনার ব্যক্তিগত ছবি, পরিচয়পত্রের কপি বা আর্থিক নথিপত্র উদ্ধার করে নিতে পারে। তাই ড্রাইভটি ফেলে দেওয়ার আগে তথ্য পুরোপুরি নিশ্চিহ্ন করা অত্যন্ত জরুরি।

উইন্ডোজ বা ম্যাক কম্পিউটারে কোনো বাড়তি সফটওয়্যার ছাড়াই ড্রাইভ ফরম্যাট করা সম্ভব। প্রথমে ড্রাইভটি কম্পিউটারে যুক্ত করে প্রয়োজনীয় ফাইলগুলো অন্য কোথাও সরিয়ে নিন। উইন্ডোজের ক্ষেত্রে ‘ফাইল এক্সপ্লোরার’ থেকে ‘দিস পিসি’তে গিয়ে ড্রাইভটির ওপর রাইট ক্লিক করে ‘ফরম্যাট’ অপশনটি বেছে নিন। মনে রাখবেন, ড্রাইভটি পুরোপুরি পরিষ্কার করতে ‘কুইক ফরম্যাট’ অপশনটি এড়িয়ে চলাই ভালো। ফরম্যাট প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

যদি ড্রাইভে অত্যন্ত সংবেদনশীল তথ্য থাকে এবং সেটি আর ব্যবহারের প্রয়োজন না হয়, তবে শারীরিকভাবে ড্রাইভটি নষ্ট করে ফেলাই সবচেয়ে নিরাপদ। অনেক সময় ড্রাইভ কম্পিউটারে শনাক্ত না হলে সফটওয়্যারের মাধ্যমে তথ্য মোছা সম্ভব হয় না। যান্ত্রিক হার্ডডিস্কের (HDD) ক্ষেত্রে হাতুড়ি ও পেরেক ব্যবহার করে এর ভেতরের প্ল্যাটার ক্ষতিগ্রস্ত করলে তথ্য উদ্ধার করা অসম্ভব হয়ে পড়ে। তবে এই কাজ করার সময় সতর্ক থাকতে হবে, যাতে ধাতব টুকরা বা ফাইবারের আঘাতে কোনো দুর্ঘটনা না ঘটে।

এসএসডি (SSD) বা ফ্ল্যাশ ড্রাইভের ক্ষেত্রে পদ্ধতিটি কিছুটা ভিন্ন। এগুলো নষ্ট করতে প্রথমে বাইরের আবরণ খুলে ভেতরের মেমোরি চিপগুলো বের করতে হয়। মেরামতবিষয়ক ওয়েবসাইট ‘আইফিক্সিটের’ পরামর্শ অনুযায়ী, ড্রিল মেশিন, ছেনি বা ড্রেমেল ব্যবহার করে এই কালো ও আয়তাকার মেমোরি চিপগুলো ভেঙে ফেললে তথ্য আর পুনরুদ্ধার করা যায় না। তবে ড্রাইভ ভাঙার সময় ধারালো অংশ থেকে সাবধান থাকা প্রয়োজন।

সবশেষে মনে রাখা দরকার, ইউএসবি ড্রাইভ বা এসএসডি সাধারণ আবর্জনার সঙ্গে ফেলা উচিত নয়। এগুলো ই-বর্জ্য হিসেবে গণ্য হয়। তাই সম্ভব হলে এই পুরোনো ইলেকট্রনিক যন্ত্রগুলো স্থানীয় ই-বর্জ্য পুনর্ব্যবহার কেন্দ্রে জমা দিন। ড্রাইভটি ছোট বা মূল্যহীন মনে হলেও এর ভেতরে থাকা তথ্যের নিরাপত্তা নিশ্চিত করাই আপনার প্রথম দায়িত্ব।

শেয়ার করুন