মালয়েশিয়ার রাজকন্যা ইলিয়ানার সঙ্গে ব্রিটিশ রেসিং ড্রাইভার ক্রিসের রাজকীয় বিয়ে সম্পন্ন

প্রকাশ:

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা আলিয়া এবং ব্রিটিশ রেসিং ড্রাইভার ক্রিস্টোফার লিওনেল (ক্রিস) ফ্রগ্যাট বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। গত ৭ আগস্ট কুয়ালালামপুরের শাংরি-লা হোটেলে ইসলামি শরিয়াহ ও মালয় রাজপরিবারের ঐতিহ্যবাহী রীতি মেনে এই রাজকীয় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। রাজকন্যা ইলিয়ানা পাহাংয়ের বর্তমান সুলতান ও মালয়েশিয়ার সাবেক রাজা (২০১৯–২০২৪) আল-সুলতান আবদুল্লাহ রিয়াতউদ্দিন আল-মুস্তাফা বিল্লাহ শাহের কন্যা।

জমকালো এই আয়োজনে সুলতান আবদুল্লাহ, পাহাংয়ের ক্রাউন প্রিন্স টেংকু হাসানাল ইব্রাহিম আলম শাহ, পাহাংয়ের মুখ্যমন্ত্রী ওয়ান রোসদি ওয়ান ইসমাইল এবং সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধি শেখ মোহাম্মদ বিন হামাদ বিন তাহনুন আল নাহিয়ানসহ দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিয়ের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে ক্রিস ফ্রগ্যাট নামাজ আদায় করেন। এরপর আংটি বদল, উপহার বিনিময়, বিশেষ মোনাজাত এবং নবদম্পতির ওপর পানি ছিটিয়ে আশীর্বাদ জানানোর ঐতিহ্যবাহী ‘মেরেনজিস’ প্রথা পালন করা হয়।

বিয়ের অনুষ্ঠানে রাজকন্যা ইলিয়ানা বিখ্যাত ডিজাইনার রাদজুয়ান রাদজিউইলের নকশা করা বিশেষ গাউন পরিধান করেন। সেই সঙ্গে তিনি পাহাং রাজপরিবারের ঐতিহ্যবাহী ও মূল্যবান ‘কুইন আজিজাহ’স ডায়মন্ড টিয়ারা’ পরে অনুষ্ঠানে উপস্থিত হন। রাজকীয় এই বিয়ের আয়োজনটি মালয়েশিয়ার সংস্কৃতি ও ঐতিহ্যের এক অনন্য সংমিশ্রণ হিসেবে উদযাপিত হয়েছে।

গত ৭ আগস্ট কুয়ালালামপুরের শাংরি-লা হোটেলে ইসলামি রীতি ও মালয় রাজপরিবারের ঐতিহ্য মেনে তাদের রাজকীয় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

শেয়ার করুন