মেহেরপুরের গাংনী সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

প্রকাশ:

মেহেরপুরের গাংনী সীমান্তে অবৈধভাবে ৫ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৭ আগস্ট) ভোর ৪টার দিকে ধলা সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এই অনুপ্রবেশের চেষ্টা চালায়।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি জানান, ধলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৩৫/৪-এস থেকে প্রায় ১৫০ গজ ভারতের অভ্যন্তরে ধলা মাঠ নামক স্থান দিয়ে বিএসএফ-এর বুড়িপোতা ক্যাম্পের সদস্যরা অজ্ঞাত পরিচয়ের ৪ জন পুরুষ ও ১ জন নারীকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে। বিজিবির কঠোর অবস্থানের কারণে তাদের সেই প্রচেষ্টা ব্যর্থ হয়।

স্থানীয়রা জানিয়েছেন, বিএসএফ যাদের পুশইনের চেষ্টা করেছিল, তাদের বর্তমানে কাঁটাতারের কাছে অবস্থান করতে দেখা যাচ্ছে। যেকোনো মূল্যে পুশইন ঠেকাতে বিজিবির পাশাপাশি স্থানীয় গ্রামবাসীরাও সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছেন। বর্তমানে পুরো সীমান্ত এলাকায় বিজিবি কড়া নজরদারি বজায় রেখেছে।

শেয়ার করুন