সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের রাজধানীর গুলশান-২ এলাকার বাসা থেকে আওয়ামী লীগ নেতা বোরহান উদ্দিন চৌধুরী মুরাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সকাল সাড়ে ১০টার দিকে পরিচালিত এক অভিযানে তাকে আটক করা হয়। বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম-১৩ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবুর ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করতেন। এছাড়া তিনি আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
মুরাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অপহরণ, মুক্তিপণ আদায় এবং নিষিদ্ধ রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একাধিক মামলা চলমান রয়েছে। ২০২৪ সালের অক্টোবরে চট্টগ্রামের আনোয়ারা থানায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার সহযোগীদের বিরুদ্ধে দায়ের করা একটি মামলায় মুরাদকে অন্যতম আসামি করা হয়েছে। মামলার এজাহারে অভিযোগ করা হয়, সাবেক মন্ত্রীর নির্দেশে আসামিরা এক ব্যক্তিকে অপহরণ করে অজ্ঞাত স্থানে আটকে রেখে নির্যাতন চালায় এবং তার পরিবারের কাছ থেকে ১০ লাখ টাকা মুক্তিপণ আদায় করে।
এছাড়া ২০২৫ সালের অক্টোবর মাসে আনোয়ারা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মিছিল বের করার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ১৩৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ওই মামলায়ও বোরহান উদ্দিন চৌধুরী মুরাদকে আসামি করা হয়েছে। একই মামলায় চট্টগ্রামের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এবং সাবেক অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানকেও আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোনায়েত চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আনোয়ারা থানায় মুরাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট বা গ্রেপ্তার দেখানো হবে। আইন অনুযায়ী পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
সূত্র: Daily Amar Desh








