রাজধানীর দারুসসালাম এলাকায় নিজ বাসায় স্ত্রীকে গুলি করার ঘটনায় স্বামীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। গত শনিবার সন্ধ্যায় দারুসসালাম থানার মসজিদ গলি এলাকায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই নারীকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন মূল অভিযুক্ত মো. আবদুল মান্নান ওরফে আবদুল হান্নান (৪৫), তাঁর ছেলে মো. রাকিব (২৫) এবং সহযোগী মো. হাতিম মিয়া (২১)। ঘটনার পর র্যাব-৪ ছায়া তদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে আজ ভোরে দারুসসালাম থানা-পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তদন্তে জানা যায়, আবদুল মান্নান একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী সন্ত্রাসী। তিনি পরিবার নিয়ে একটি টিনশেড বাসায় ভাড়া থাকতেন। ঘটনার দিন সন্ধ্যায় মাদক সেবন করে বাসায় ফিরে স্ত্রীর সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে তিনি পিস্তল দিয়ে তাঁকে লক্ষ্য করে গুলি করেন। এরপর তিনি তাঁর ছেলে রাকিবের মাধ্যমে অস্ত্রটি বন্ধু হাতিম মিয়ার বাসায় লুকিয়ে রাখেন।
অভিযানকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১টি বিদেশি আগ্নেয়াস্ত্র, ১টি ম্যাগাজিন, ২টি গুলি এবং ২১৫টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। র্যাব জানিয়েছে, উদ্ধার করা অস্ত্রটি মান্নান বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড যেমন মাদক ব্যবসা, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনে ব্যবহার করতেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মাদক, ছিনতাই ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে র্যাব।
সূত্র: প্রথম আলো








