প্রেক্ষাপট: দুই মামলায় জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

প্রকাশ:

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস দুটি মামলায় জামিন পেয়েছেন। রোববার (২ আগস্ট) বিচারপতি কে এম জাহিদ সরওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করেন। আদালতে চিন্ময় দাসের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য। এর আগে ভাঙচুরের ঘটনায় দায়ের করা এই দুই মামলায় কেন তাকে জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন উচ্চ আদালত।

উল্লেখ্য, ২০২৪ সালের ৩১ অক্টোবর চট্টগ্রাম নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে মামলা দায়ের করেন। ওই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল।

এর আগে রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাসের জামিন আবেদন নামঞ্জুর হওয়ার পর গত বছরের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে তার অনুসারীদের মধ্যে হট্টগোল ও সংঘর্ষের ঘটনা ঘটে। ওই উত্তপ্ত পরিস্থিতিতে আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে প্রাণহানির ঘটনা ঘটে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রায় দুই ডজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীতে আরও কয়েকটি মামলা দায়ের করা হয়।

শেয়ার করুন