বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সরকার জ্বালানি তেল বাইরের দেশ থেকে আমদানি করে। মধ্যপ্রাচ্যের সংকটের কারণে সারা বিশ্বে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে, যার ফলে সরকারও দেশে এর দাম বাড়াতে বাধ্য হয়েছে। তবে বৈশ্বিক সংকট কাটার সঙ্গে সঙ্গে সরকার জ্বালানি তেলের মূল্য সমন্বয় করবে।
বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে মেহেরপুরে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা নিয়ে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বিগত দিনে বিদ্যুৎ বিতরণে বৈষম্য থাকলেও আগামীতে সেটা দূর করা হবে।
এর আগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, জেলা পরিষদের প্রশাসক জাভেদ মাসুদ মিল্টন এবং জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
সূত্র: মানবজমিন








