রাজধানীর মিরপুর-১০ নম্বরে বুধবার সকালে ফুটপাতে উচ্ছেদ অভিযান পরিচালনার সময় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযান চলাকালে ক্ষুব্ধ ব্যবসায়ীরা সিটি করপোরেশনের একটি ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ সময় পুলিশ ও উচ্ছেদকারী দলের সঙ্গে হকার ও ব্যবসায়ীদের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশের একাধিক দল মোতায়েন রয়েছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের স্টেশন অফিসার মো. তালহা বিন জসিম জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। মিরপুর মডেল থানার ডিউটি অফিসার শহিদুল ইসলাম জানান, উচ্ছেদ অভিযানকালে পুলিশ ও সিটি করপোরেশনের কর্মকর্তাদের ওপর হকাররা হামলা চালিয়েছে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।
সূত্র: মানবজমিন








