প্রধানমন্ত্রীর উপহার পেল ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রী, পূরণ হলো হারমোনিয়ামের স্বপ্ন

প্রকাশ:

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬-এ দেশের গানে প্রথম স্থান অর্জনকারী ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (০৬ আগস্ট) সচিবালয়ে বাবা-মায়ের সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমন্ত্রিত হয়ে আসে অনুশ্রী। এ সময় প্রধানমন্ত্রী স্নেহভরে তার সঙ্গে কথা বলেন এবং সংগীতচর্চার খোঁজখবর নেন। অনুশ্রীর সংগীত সাধনাকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী তাকে একটি নতুন হারমোনিয়াম উপহার হিসেবে তুলে দেন। উপহার পাওয়ার পর অনুশ্রী সেই হারমোনিয়াম বাজিয়ে প্রধানমন্ত্রীকে একটি দেশাত্মবোধক গান শুনিয়ে মুগ্ধ করে।

ঘটনার সূত্রপাত গত ১৫ জুলাই। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে একটি চিঠি লিখেছিল অনুশ্রী। সেই চিঠিতে সে নিজের সংগীতচর্চার জন্য একটি হারমোনিয়ামের প্রয়োজনীয়তা এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি সাক্ষাতের আকুল আকাঙ্ক্ষার কথা জানিয়েছিল। ক্ষুদে শিল্পীর সেই চিঠির গুরুত্ব অনুধাবন করে প্রধানমন্ত্রী তাকে ও তার পরিবারকে সচিবালয়ে সাক্ষাতের জন্য আমন্ত্রণ জানান।

নিজের মেয়ের প্রতি প্রধানমন্ত্রীর এমন আন্তরিকতায় অভিভূত অনুশ্রীর বাবা। তিনি জানান, প্রধানমন্ত্রী যে নিজ উদ্যোগে ডেকে মেয়েকে উৎসাহ দেবেন, তা তারা কখনো কল্পনাও করেননি। তিনি আরও বলেন, বিভিন্ন সময় মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক কর্মকাণ্ড ও মানুষের পাশে দাঁড়ানোর গল্প মেয়েকে শোনাতেন। সেই থেকেই অনুশ্রীর মনে দৃঢ় বিশ্বাস জন্মেছিল যে, প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখলে হয়তো তিনি সাড়া দেবেন। তার সেই বিশ্বাসই শেষ পর্যন্ত বাস্তবে রূপ নিল।

প্রধানমন্ত্রীর কাছ থেকে উপহার পেয়ে অনুশ্রী ও তার পরিবার গভীর আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পরিবারের সদস্যরা জানান, প্রধানমন্ত্রীর এই উৎসাহ ও ভালোবাসা অনুশ্রীর সংগীতচর্চায় নতুন মাত্রা যোগ করবে। ভবিষ্যতে দেশের একজন প্রতিষ্ঠিত সংগীতশিল্পী হয়ে ওঠার স্বপ্ন পূরণে এই ঘটনা তাকে আরও সাহসী ও অনুপ্রাণিত করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন