প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করার লক্ষ্যে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতাদের নিয়ে জরুরি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠক শুরু হয়। মূলত প্রেসিডেন্ট পদে দলের প্রার্থী কে হবেন, তা এই বৈঠকেই চূড়ান্তভাবে ঘোষণা করবেন বিএনপি চেয়ারম্যান। এর আগে গত ১লা আগস্ট অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে প্রেসিডেন্ট পদে প্রার্থী নির্বাচনের পূর্ণ দায়িত্ব তারেক রহমানের ওপর অর্পণ করা হয়েছিল। সে সময় বৈঠকের সিদ্ধান্ত সাংবাদিকদের জানিয়েছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
স্থায়ী কমিটির একাধিক সদস্যের তথ্যমতে, প্রার্থী নির্বাচনের দায়িত্ব পাওয়ার পর গত কয়েকদিন ধরে দলের চেয়ারম্যান স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে টেলিফোনে আলোচনা করে তাদের মতামত গ্রহণ করেছেন। সবার মতামতের ভিত্তিতে তিনি ইতোমধ্যে প্রার্থী চূড়ান্ত করেছেন, যা আজকের বৈঠকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। এদিকে, বৈঠক শুরুর প্রাক্কালে সংসদের প্রধান হুইপ নূরুল ইসলাম মনি প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন ফরম নিয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে প্রবেশ করেন।
তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, বেগম সেলিমা রহমান এবং ডা. এ জেড এম জাহিদ হোসেন। এছাড়া দলের সিনিয়র নেতাদের মধ্যে উপস্থিত আছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আব্দুস সালাম আজাদ ও সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
সূত্র: মানবজমিন








