কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সদর বাজারে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের একটি গুরুত্বপূর্ণ নির্দেশনামূলক সাইনবোর্ড ঢেকে নির্বাচনি প্রচারণার ফেস্টুন টাঙানোর অভিযোগ উঠেছে উপজেলা যুবলীগের সদস্য জামাল হোসেনের বিরুদ্ধে। এই কর্মকাণ্ডের ফলে সরকারি স্থাপনাটির দৃশ্যমানতা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়েছে, যা সাধারণ মানুষের চলাচলের ক্ষেত্রে বিভ্রান্তি তৈরি করছে।
স্থানীয়দের অভিযোগ, বর্তমানে দেশের বিভিন্ন স্থানে যুবলীগের প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকলেও ব্রাহ্মণপাড়ায় যুবলীগের নেতাকর্মীদের ব্যানার-ফেস্টুন টাঙিয়ে প্রচারণা চালানোর বিষয়টি নিয়ে জনমনে তীব্র প্রশ্ন উঠেছে। স্থানীয় রাজনৈতিক প্রভাব ও প্রশাসনিক নিষ্ক্রিয়তার সুযোগ নিয়েই মূলত এসব কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে বলে অভিযোগ করছেন সচেতন এলাকাবাসী।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত যুবলীগ নেতা জামাল হোসেন কোনো অনুশোচনা প্রকাশ না করে বলেন, আপনি নিউজ করলে করেন। এতে আমার প্রচারণাই হবে। জানা গেছে, জামাল হোসেনের বড় ভাই আমির হোসেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। এ বিষয়ে আমির হোসেনের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।
সওজের উপবিভাগীয় প্রকৌশলী সফিকুল ইসলাম ভূঁইয়া জানান, সড়ক ও জনপথ বিভাগের সাইনবোর্ডে নির্বাচনি প্রচার-প্রচারণার ফেস্টুন লাগানোর কোনো নিয়ম নেই। যারা এমন কাজ করেছে তারা অন্যায় করেছে। আমরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন্নি ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই। আপনি আমাকে ছবি পাঠান, আমি দ্রুত ব্যবস্থা নিচ্ছি।
সূত্র: Daily Amar Desh








