রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা স্পুটনিককে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী আফরাহ আল-জুব্বা স্পষ্টভাবে জানিয়েছেন, ইয়েমেন কোনো দেশের দরকষাকষির হাতিয়ার নয়। তিনি জোর দিয়ে বলেন, তার দেশ কোনো আঞ্চলিক শক্তির রাজনৈতিক হিসাব-নিকাশ বা প্রতিশোধ নেওয়ার ক্ষেত্র হিসেবে ব্যবহৃত হতে পারে না।
লোহিত সাগরে হুথিদের চলমান তৎপরতা ও আগ্রাসনের দিকে ইঙ্গিত করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আঞ্চলিক স্থিতিশীলতা ও আন্তর্জাতিক নৌ-চলাচল ব্যবস্থা নিরাপদ রাখতে ইয়েমেনে যথাযথ রাষ্ট্রব্যবস্থা পুনরুদ্ধার করা এখন সময়ের দাবি।
এর আগে ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টের মাধ্যমে সরাসরি ইরানকে দায়ী করেছে। সেখানে অভিযোগ করা হয়েছে যে, ইরান তাদের আঞ্চলিক দরকষাকষির অবস্থানকে শক্তিশালী করার জন্য ইয়েমেনকে একটি মাধ্যম হিসেবে ব্যবহারের চেষ্টা করছে।
সূত্র: দৈনিক আমার দেশ








