মধ্যপ্রাচ্যের বর্তমান কৌশলগত প্রেক্ষাপট আমূল বদলে গেছে। তেহরানের সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের বিশ্লেষক আলী আকবর দারেইনির মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি ইরানকে নতুন করে শিখিয়েছে যে, তার মতো নেতৃত্বের কাছে কোনো ধরনের ছাড় দেওয়া আত্মঘাতী। আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুদ্ধের অভিজ্ঞতার মধ্য দিয়ে ইরান উপলব্ধি করেছে যে, ছাড় দিলে সব শেষ হয়ে যায়। ইরান চেয়েছিল যুক্তরাষ্ট্রকে সংঘাতের পেছনে বাড়তি ব্যয় করতে বাধ্য করতে, যার বিপরীতে ওয়াশিংটন এখন দেশটির অর্থনীতিকে শ্বাসরোধ করার কৌশল নিয়েছে।
ট্রাম্পের কৌশল সম্পর্কে দারেইনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ধারণা করেছিলেন যে সামরিক শক্তির প্রদর্শন এবং হুমকির মুখে ইরান পিছু হটবে। কিন্তু বাস্তবে ইরান তা করেনি। এমনকি মার্কিন দূত স্টিভ উইটকফও স্বীকার করেছেন যে, ট্রাম্প তার প্রত্যাশিত ফলাফল না পেয়ে হতাশ। এই পরিস্থিতিতে ওয়াশিংটনের দ্বিতীয় পর্যায়ের কঠোর নিষেধাজ্ঞার মুখেও ইরান আত্মসমর্পণ করবে না বলে তিনি দৃঢ় মত প্রকাশ করেন।
বিশ্লেষকের মতে, ওয়াশিংটনের পক্ষে ইরানকে বিশ্ব থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলা অসম্ভব। তিনি যুক্তি দেন, যে দেশটির ১৫টি দেশের সঙ্গে স্থল ও সমুদ্র সীমান্ত রয়েছে, তাকে বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন করার কোনো উপায় নেই। ভৌগোলিক ও কৌশলগত অবস্থানের কারণে ইরান আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে বিচ্ছিন্ন হওয়ার মতো দেশ নয় বলে তিনি মন্তব্য করেন।
সূত্র: দৈনিক আমার দেশ








