ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর গোয়েন্দা বিভাগ এক বিবৃতিতে দাবি করেছে যে, ইরানের ক্রমবর্ধমান সামরিক সক্ষমতার কাছে নতি স্বীকার করে ওয়াশিংটন তাদের কৌশলগত অবস্থান পরিবর্তনে বাধ্য হয়েছে। ইরানের সামরিক প্রতিরোধ ও পাল্টা হামলার ভীতি থেকে বাঁচতে মার্কিন বাহিনী এখন তাদের সৈন্য মোতায়েন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনতে বাধ্য হয়েছে। এর অংশ হিসেবে তারা নিয়মিত তাদের অবস্থান পরিবর্তন, সামরিক সরঞ্জাম অপেক্ষাকৃত দুর্গম বা দূরবর্তী অঞ্চলে সরিয়ে নেওয়া এবং গোপন ও ভূগর্ভস্থ স্থাপনার ওপর নির্ভরশীলতা বাড়িয়ে দিয়েছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, ইরানি জনগণের অদম্য সাহস এবং ভৌগোলিক কৌশল ও বুদ্ধিদীপ্ত সামরিক পদক্ষেপের ফলে ওয়াশিংটনের চিরাচরিত সামরিক মোতায়েন প্রক্রিয়া ক্রমশ অকার্যকর এবং ব্যয়বহুল হয়ে পড়েছে। এসব চ্যালেঞ্জের মুখে পড়ে মার্কিন সেন্টকম তাদের ঘাঁটিগুলো খালি করতে বা নিষ্ক্রিয় রাখতে বাধ্য হয়েছে। নিরাপত্তার প্রয়োজনে জর্ডানের মতো দূরবর্তী স্থানে সেনা স্থানান্তর এবং সামরিক ও গোয়েন্দা সরঞ্জাম আরও দূরের অবস্থানে সরিয়ে নেওয়ার ঘটনাগুলো যুক্তরাষ্ট্রের ওপর বাড়তি আর্থিক চাপ ও দায়ভার তৈরি করেছে।
আইআরজিসির ভাষ্যমতে, বর্তমান পরিস্থিতিতে ইরানের প্রতিবেশী অঞ্চলে নিজেদের প্রথাগত ও দৃশ্যমান সামরিক উপস্থিতি বজায় রাখা যুক্তরাষ্ট্রের জন্য একটি ক্রমবর্ধমান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ক্ষয়ক্ষতির আশঙ্কা এবং ধারাবাহিক চাপের মুখে ওয়াশিংটনের এই কৌশলগত পিছুটান তাদের প্রথাগত প্রতিরক্ষা সক্ষমতার সীমাবদ্ধতাকেই স্পষ্ট করে তুলছে বলে জানিয়েছে আইআরজিসি।
সূত্র: দৈনিক আমার দেশ








