ওমানের একটি গুরুত্বপূর্ণ সংরক্ষিত প্রাকৃতিক বনাঞ্চলের সন্নিকটে তেলবাহী একটি ট্যাংকার দুর্ঘটনায় পড়ার পর সমুদ্রের প্রায় ৪০০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে অপরিশোধিত তেল ছড়িয়ে পড়েছে। সোমবার ওমানের পরিবেশ কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই ভয়াবহ পরিবেশগত বিপর্যয়ের বিষয়টি নিশ্চিত করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি তৎপরতা শুরু হয়েছে বলে জানিয়েছে।
দুর্ঘটনার কবলে পড়া ২৭৪ মিটার দীর্ঘ রুশ ট্যাংকারটির নাম ‘ক্যারোলিন বেজেঙ্গি’। প্রায় ১০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে এশিয়ায় যাওয়ার পথে গত জুন মাসে ইয়েমেন উপকূলে জাহাজটি প্রথম বিপাকে পড়ে। সামুদ্রিক নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্রগুলোর ধারণা, জাহাজটিতে কোনো ধরনের বিস্ফোরণ ঘটেছিল। রাশিয়ার নভোরোসিস্ক বন্দর থেকে তেল নেওয়ার পর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে ভুয়া তথ্য ও নামসর্বস্ব প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজটি পরিচালিত হচ্ছিল বলে জানা গেছে। পরবর্তীতে ওমানের হালানিয়াত দ্বীপের কাছে সংরক্ষিত এলাকায় এটি আটকা পড়ে তেল নিঃসরণ শুরু করে।
ওমান সরকারের তথ্য অনুযায়ী, ছড়িয়ে পড়া তেলের আস্তরণটি দ্বীপের উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে এবং বর্তমানে উপকূল থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে অবস্থান করছে। তবে এখন পর্যন্ত দেশটির কোনো পর্যটন কেন্দ্র বা মিষ্টি পানির প্ল্যান্টে এর সরাসরি প্রভাব পড়ার খবর পাওয়া যায়নি। এদিকে আন্তর্জাতিক পরিবেশবাদী সংস্থা গ্রিনপিস স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে দাবি করেছে, তেলের এই আস্তরণটি প্রকৃতপক্ষে প্রায় ৬০০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত হয়েছে।
পরিবেশ বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, সমুদ্রের উপরিভাগে ভেসে থাকা এই তেল দ্রুত অপসারণ করা সম্ভব না হলে তা ওমানের বিরল প্রজাতির সামুদ্রিক তিমি, কোরাল এবং হাজারো জলজ প্রাণীর জন্য দীর্ঘমেয়াদি ও অপূরণীয় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।
সূত্র: গালফ বাংলা








