কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে উৎসবের আমেজ, মানুষের ঢল

প্রকাশ:

প্রধানমন্ত্রী তারেক রহমানের কিশোরগঞ্জের কটিয়াদী সফরকে কেন্দ্র করে পুরো উপজেলায় এখন উৎসবের আমেজ বিরাজ করছে। জাতীয় মৎস্য দিবস উদযাপনের অংশ হিসেবে রোববার কটিয়াদীর আচমিতা জর্জ ইনস্টিটিউশন স্কুল মাঠে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সকাল থেকেই অনুষ্ঠানস্থল ও এর আশপাশের এলাকায় সাধারণ মানুষের ঢল নামে। সময়ের সঙ্গে সঙ্গে জনসমাগম বাড়তে থাকায় পুরো এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। স্থানীয়দের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মী ও সাধারণ মানুষও এই আয়োজনে অংশ নিতে জড়ো হয়েছেন।

নির্ধারিত সফরসূচি অনুযায়ী, রোববার বেলা সাড়ে ১২টার দিকে প্রধানমন্ত্রী কটিয়াদী কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন। এরপর দুপুর ১টার দিকে আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে আয়োজিত জাতীয় মৎস্য দিবসের উদ্বোধনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী পর্বে অংশ নেবেন তিনি। প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই কটিয়াদীর বিভিন্ন সড়ক ও মহাসড়কে মানুষের উপস্থিতি লক্ষণীয় ছিল। দূর-দূরান্ত থেকে আসা মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে অনুষ্ঠানস্থল ও এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সতর্কতায় রয়েছে।

জাতীয় পর্যায়ের এমন একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিজ এলাকায় অনুষ্ঠিত হওয়ায় কটিয়াদীবাসীর মধ্যে আনন্দের কমতি নেই। স্থানীয়রা মনে করছেন, প্রধানমন্ত্রীর এই সফর এলাকার সামগ্রিক উন্নয়নে সহায়ক হবে। একই সঙ্গে স্থানীয় বিভিন্ন দাবি-দাওয়া পূরণের প্রত্যাশাও তৈরি হয়েছে সাধারণ মানুষের মনে। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে পুরো কটিয়াদীজুড়ে এখন সাজ সাজ রব বিরাজ করছে।

শেয়ার করুন