চাঁদপুরে সাগরিকা এক্সপ্রেসের নিচে কাটা পড়ে নবম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশ:

চাঁদপুর শহরের ছায়াবাণী এলাকায় বৃহস্পতিবার বিকেলে এক মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় তায়েবা আক্তার (১৪) নামে এক মাদরাসাছাত্রী নিহত হয়েছে। চাঁদপুর থেকে চট্টগ্রামগামী ‘সাগরিকা এক্সপ্রেস’ ট্রেনটি ছায়াবাণী রেল ক্রসিং এলাকা অতিক্রম করার সময় এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ওই শিক্ষার্থীর মৃত্যু হয়।

পুলিশ দুর্ঘটনাস্থল থেকে একটি পরিচয়পত্র উদ্ধার করেছে। সেই সূত্র ধরে জানা যায়, নিহত তায়েবা চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুদী ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে ওই এলাকার তাজুল ইসলাম ও আমেনা বেগম দম্পতির মেয়ে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে চাঁদপুর রেলওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে পরিচয়পত্র দেখে নিহতের স্বজনদের খবর দেওয়া হলে তারা থানায় ছুটে আসেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁদপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব কর জানান, রেললাইন পার হওয়ার সময় সাগরিকা এক্সপ্রেসের নিচে কাটা পড়ে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে এবং নিহতের পরিবারের সদস্যরা থানায় উপস্থিত হয়েছেন।

ওসি আরও জানান, আইনি প্রক্রিয়া ও সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে এলাকায় ও নিহতের শিক্ষাপ্রতিষ্ঠানে শোকের ছায়া নেমে এসেছে।

আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে চাঁদপুর থেকে চট্টগ্রাম অভিমুখে ছেড়ে যাওয়া ‘সাগরিকা এক্সপ্রেস’ ট্রেনের নিচে কাটা পড়ে এই দুর্ঘটনা ঘটে।

শেয়ার করুন