কাতারে একটি নির্মাণ প্রকল্পের চুক্তিভঙ্গ এবং অসম্পূর্ণ কাজ সম্পন্ন না করার দায়ে অভিযুক্ত এক কোম্পানি ও দুই ব্যক্তির দায়ের করা আপিল আবেদন খারিজ করে দিয়েছেন দেশটির আদালত। ক্যাসেশন কোর্টের এই রায়ের ফলে ভুক্তভোগী বাণিজ্যিক প্রতিষ্ঠানটিকে সর্বমোট ১২ লাখ ২৩ হাজার কাতারি রিয়াল ফেরত দেওয়ার নির্দেশ বহাল থাকল। এই অংকের মধ্যে রয়েছে অগ্রিম পরিশোধিত ১১ লাখ ২৩ হাজার রিয়াল এবং ক্ষতিপূরণ বাবদ অতিরিক্ত ১ লাখ রিয়াল।
আদালতের নথি অনুযায়ী, ৫৫ লাখ রিয়াল ব্যয়ে একটি গুদাম, শ্রমিকদের আবাসন, সীমানাপ্রাচীর ও অভ্যন্তরীণ রাস্তা তৈরির জন্য চুক্তিটি সম্পাদিত হয়েছিল। চুক্তির শর্ত মোতাবেক বাদী কোম্পানি তাদের আর্থিক সব বাধ্যবাধকতা যথাযথভাবে পালন করলেও অভিযুক্ত প্রতিষ্ঠানটি কাজের মান বজায় রাখতে ও নির্ধারিত সময়সীমার মধ্যে প্রকল্প সম্পন্ন করতে ব্যর্থ হয়। একপর্যায়ে নির্মাণকাজ মাঝপথেই বন্ধ করে দেয় তারা। আদালতের নথিপত্র অনুযায়ী, ৫৫ লাখ (৫.৫ মিলিয়ন) রিয়াল ব্যয়ে একটি গুদাম, শ্রমিক আবাসন, সীমানাপ্রাচীর ও অভ্যন্তরীণ রাস্তা নির্মাণের জন্য একটি চুক্তি হয়েছিল।
ভুক্তভোগী কোম্পানিটি পরবর্তীতে চুক্তি বাতিল ও অসম্পূর্ণ কাজের মূল্য বাবদ ১৯ লাখ ৬৯ হাজার রিয়াল দাবি করে ইনভেস্টমেন্ট অ্যান্ড ট্রেড কোর্টে মামলা দায়ের করে। এ বিষয়ে একজন প্রকৌশলী বিশেষজ্ঞের প্রতিবেদনের ভিত্তিতে আদালত পর্যালোচনা করেন যে, অভিযুক্ত কোম্পানিটি চুক্তির মূল শর্তাবলী লঙ্ঘন করেছে।
এর পরিপ্রেক্ষিতে নিম্ন আদালত অভিযুক্তদের বিরুদ্ধে ওই অর্থ প্রদানের রায় দেন। পরবর্তীতে বিষয়টি আপিল আদালতে উঠলে সেখানেও আগের রায় বহাল থাকে। চূড়ান্ত পর্যায়ে ক্যাসেশন কোর্ট অভিযুক্তদের আবেদন খারিজ করে দেওয়ার মাধ্যমে আইনি লড়াইয়ের অবসান ঘটালেন। আল শার্ক পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্যাসেশন কোর্ট ওই আবেদন গ্রহণ না করে পূর্বের রায় বহাল রেখেছেন।
সূত্র: গালফ বাংলা








