জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। শনিবার সকালে নগরীর একটি হোটেলে টেলিভিশন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী।
ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে হুমায়ুন কবির বলেন, প্রতিবেশী দেশটির সঙ্গে হাজারো সমস্যা থাকলেও আলোচনার পথ বন্ধ নেই। প্রতিবেশী হিসেবে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাই কাম্য। এছাড়া প্রধানমন্ত্রীর ভারত সফরের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি, এ নিয়ে আলোচনা চলছে। জ্বালানি খাতের দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, আগের সরকারের আমলে এনার্জি সেক্টরে যে সাইকোপ্যাথিক দুর্নীতি হয়েছে তা স্পষ্ট। বর্তমান সরকার এই খাতের সংকট সমাধানে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
মক্কা চুক্তি প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, এটি নিয়ে আলোচনা চলছে এবং এতে যুক্ত হওয়া বাংলাদেশের জন্য অস্বাভাবিক কিছু নয়, কারণ অনেক দেশই এখন একাধিক নিরাপত্তা জোটে সক্রিয়। জাতীয় স্বার্থের ভিত্তিতেই সরকার যেকোনো সিদ্ধান্ত গ্রহণ করবে। আমেরিকার কাছ থেকে বোয়িং কেনা প্রসঙ্গে তিনি স্পষ্ট করেন যে, এটি কোনো চাপ নয়; বরং চাহিদা থাকায় বোয়িং কেনা হচ্ছে এবং প্রয়োজনে ভবিষ্যতে আরও কেনা হবে।
মালয়েশিয়ায় শ্রমশক্তি রপ্তানি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ আমলের সিন্ডিকেটের কারণে এই খাতে নেতিবাচক প্রভাব পড়েছিল, যা বর্তমান সরকার ভেঙে দিয়েছে। এখন ধাপে ধাপে শ্রমশক্তি রপ্তানি প্রক্রিয়া চলবে। এ সময় অন্যদের মধ্যে সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী ও বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী উপস্থিত ছিলেন। বাসসের তথ্যানুযায়ী এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। প্রতিবেদনে যোগ করা তথ্য: তিনি বলেন, জাতীয় স্বার্থের ভিত্তিতে যেখানে যাওয়া দরকার, সেখানে যাওয়া হবে।
সূত্র: মানবজমিন








