জাতীয় সংসদে পাসের অপেক্ষায় সম্পত্তি হস্তান্তর ও মানবাধিকার কমিশন বিল

প্রকাশ:

‘ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ এবং ‘জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬’ নিয়ে বিস্তারিত যাচাই-বাছাই শেষে সংশোধিত আকারে জাতীয় সংসদে পাসের সুপারিশ করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে বিল দুটির বিভিন্ন ধারা ও সংশ্লিষ্ট বিধানগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হয়।

কমিটির সভাপতি মুহাম্মদ নওশাদ জমির বৈঠকে সভাপতিত্ব করেন। বিল দুটির বিভিন্ন দিক ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনার পর প্রয়োজনীয় সংশোধনী সাপেক্ষে এগুলো সংসদে উত্থাপনের সুপারিশ করা হয়। বৈঠকে কমিটির সদস্য হিসেবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, এমরান আহমদ চৌধুরী, সাকিলা ফারজানা, মো. মনজুরুল ইসলাম, মোহাম্মদ নাজিবুর রহমান এবং আলফারুক আব্দুল লতীফ উপস্থিত ছিলেন।

বৈঠকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। বিল দুটির প্রতিটি ধারা নিয়ে বিস্তারিত আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে সদস্যরা তাদের মতামত তুলে ধরেন, যা বিলের চূড়ান্ত খসড়ায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

শেয়ার করুন