নয়াদিল্লিতে মোদি-শি বৈঠক: দ্বিপক্ষীয় সম্পর্ক ও ব্রিকস সহযোগিতা জোরদারের আহ্বান

প্রকাশ:

দীর্ঘ সাত বছর পর ভারত সফরে এসেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। শনিবার (১২ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন তিনি। এই বৈঠকে বেইজিং ও নয়াদিল্লির মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি ব্রিকসভুক্ত দেশগুলোর পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন শি।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার তথ্য অনুযায়ী, শি জিনপিং বৈঠকে উল্লেখ করেন যে, চীন ভারত-চীন সম্পর্ককে একটি কৌশলগত ও দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি থেকে মূল্যায়ন করে। তিনি আরও বলেন, দুই দেশ একে অপরের সক্ষমতা ও শক্তিকে কাজে লাগিয়ে অভিন্ন উন্নয়নের পথে এগিয়ে যেতে পারে। ব্রিকসের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সমন্বয় ও সহযোগিতা জোরদারে ভারত ও চীনকে যৌথভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

বৈঠকের শুরুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চীনা প্রেসিডেন্টকে উষ্ণ অভ্যর্থনা জানান। মোদি বলেন, তাকে স্বাগত জানাতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। এছাড়া ব্রিকস শীর্ষ সম্মেলনে শি জিনপিংয়ের ইতিবাচক বক্তব্যের জন্য তাকে ধন্যবাদ জানান ভারতের প্রধানমন্ত্রী। ভারতের ব্রিকস সভাপতিত্বকালীন সময়ে চীন যে সমর্থন ও সহযোগিতা প্রদান করেছে, তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন মোদি।

শেয়ার করুন