পিরোজপুরের কাউখালীতে গাছ থেকে ডাল কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

প্রকাশ:

পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিরাজুল ইসলাম হাইজুল হক (৬০) নামে এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শিয়ালকাঠি চৌরাস্তার ২ নম্বর ওয়ার্ডে অবস্থিত মোবাইল টাওয়ারের পেছনের নিজ বাড়িতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মৃত নুরুল হকের ছেলে হাইজুল হক নিজের পালিত ছাগলের জন্য খাবার সংগ্রহ করতে বাড়ির পেছনের একটি কাঁঠাল গাছে উঠেছিলেন।

গাছে উঠে ডাল কাটার সময় অসাবধানতাবশত তিনি কাউখালী-ভাণ্ডারিয়া বিদ্যুৎ লাইনের ৩৩ হাজার ভোল্টের একটি তারের সংস্পর্শে চলে আসেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে কাউখালী পল্লী বিদ্যুৎ অফিস ও ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করেন। পল্লী বিদ্যুতের ইনচার্জ কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, উচ্চ ভোল্টের লাইনের পাশেই গাছটি ছিল, যেখান থেকে ডাল কাটার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শেয়ার করুন