প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাৎ

প্রকাশ:

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার সকাল ১১টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করে জানান, এটি ছিল একটি সৌজন্যমূলক সাক্ষাৎ, যেখানে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের এটিই ছিল প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ। এ সময় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত এপ্রিল মাসে ভারত সরকার দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশের ১৬তম হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়। তিনি গত ৫ জুন পশ্চিমবঙ্গের স্থল সীমান্ত দিয়ে ঢাকায় পৌঁছান। দায়িত্ব গ্রহণের পর ২৫ জুন তিনি তৎকালীন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের কাছে নিজের পরিচয়পত্র পেশ করেন। এর আগে গত ২৯ জুলাই পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গেও বৈঠক করেছিলেন তিনি।

দীনেশ ত্রিবেদীর আগে প্রণয় ভার্মা বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত আছেন।

শেয়ার করুন