ফরিদপুরের সদরপুর উপজেলায় আড়িয়াল খাঁ নদের অব্যাহত ভাঙন থেকে নিজেদের বসতভিটা ও ফসলি জমি রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। শনিবার উপজেলার চর নাছিরপুর ইউনিয়নের শিমুলতলী এলাকায় নদীপাড়ে আয়োজিত এই কর্মসূচিতে ভুক্তভোগী এলাকাবাসী অংশ নেন।
স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, দীর্ঘ সময় ধরে আড়িয়াল খাঁ নদে তীব্র ভাঙন চলছে। প্রতিবছর বর্ষা মৌসুম এলেই ভাঙনের ভয়াবহতা বহুগুণ বেড়ে যায়। এতে এ পর্যন্ত প্রায় শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে এবং হারিয়ে গেছে শত শত বিঘা কৃষিজমি। ভিটেমাটি হারিয়ে অনেক পরিবার এখন নিঃস্ব হয়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে। ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছেন নদীপাড়ের বাসিন্দারা।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে জানান, নদীভাঙন রোধে অতীতে বিভিন্ন সময়ে জিও ব্যাগ ফেলার মতো সাময়িক প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হলেও তা কোনো স্থায়ী সমাধান বয়ে আনেনি। নদীর তীব্র স্রোতের মুখে এসব অস্থায়ী ব্যবস্থা অল্প সময়ের মধ্যেই অকার্যকর হয়ে পড়ে। ফলে ভাঙন রোধের পরিবর্তে প্রতিবছর নতুন নতুন এলাকা নদীগর্ভে তলিয়ে যাচ্ছে।
বক্তারা অবিলম্বে আড়িয়াল খাঁ নদের ভাঙনকবলিত এলাকায় টেকসই ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানান। একই সঙ্গে নদীশাসন ও ভাঙন প্রতিরোধে কার্যকর ও দীর্ঘমেয়াদী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ করা না হলে আগামী দিনে আরও বিপুল পরিমাণ আবাদি জমি ও বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে।
সূত্র: দৈনিক আমার দেশ








