বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, ঘটনাস্থলেই প্রাণ হারালেন দুইজন

প্রকাশ:

বগুড়ায় ঢাকা-বগুড়া মহাসড়কের প্রথম বাইপাসের ছিলিমপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ফ্লাইওভারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। রোববার সকাল ৮টার দিকে ঢাকাগামী একটি বিকল ট্রাক দাঁড়িয়ে থাকা অবস্থায় পেছন থেকে আরেকটি ট্রাক সজোরে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ওই দুই ব্যক্তি প্রাণ হারান। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন। এ সময় মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। কুন্দারহাট হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকাজ শেষ হওয়ার পর দুর্ঘটনার বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

উদ্ধার অভিযানের পর সকাল সাড়ে ১০টার দিকে দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

শেয়ার করুন