বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সংগঠনের সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে প্রতি বছরের ধারাবাহিকতায় সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের পুরোটা জুড়ে ছিল ফুল দিয়ে বরণ, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান, র্যাফেল ড্র এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও গণিত বিভাগের অধ্যাপক ড. বিজন কৃষ্ণ সাহা এবং আইন বিভাগের সহকারী অধ্যাপক আলমগীর হোসেন। এছাড়া বরিশাল এনএসআইয়ের ডেপুটি ডিরেক্টর মো. রুবেল আলম, এসএমসি এন্টারপ্রাইজের সিনিয়র সেলস ম্যানেজার মো. নাসির উদ্দীন এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) বন্দর থানার উপপরিদর্শক মোহাম্মদ ইয়াহিয়াসহ সংগঠনটির নেতৃবৃন্দ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। আয়োজনের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আয়েশা আক্তার।
বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বিশ্ববিদ্যালয় জীবন কেবল পুঁথিগত বিদ্যার জন্য নয়, বরং গভীর জ্ঞান অর্জন, প্রয়োজনীয় দক্ষতা বিকাশ এবং মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে জীবনকে অর্থবহ করে তুলতে হবে। তারা কর্মজীবনে সফল হওয়ার জন্য বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদানের পাশাপাশি নিজ জেলার মানুষের প্রতি সামাজিক দায়বদ্ধতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন। পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে নিজেদের সামনের দিকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান অতিথিরা।
অনুষ্ঠানের মূল পর্বে বিদায়ী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে তাদের দায়িত্বকালীন অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। একই সঙ্গে নতুন শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানিয়ে বরণ করে নেওয়া হয় এবং বিশ্ববিদ্যালয় জীবন সম্পন্ন করা বিদায়ী শিক্ষার্থীদের হাতেও সম্মাননা স্মারক তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। আলোচনা পর্ব শেষে আকর্ষণীয় র্যাফেল ড্র এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনের সফল সমাপ্তি ঘটে।
সূত্র: দৈনিক আমার দেশ








