মধ্যপ্রাচ্যের বিদ্যমান অস্থিরতা নিরসনে সামরিক হস্তক্ষেপ কোনো কার্যকর ভূমিকা রাখতে পারে না বলে মন্তব্য করেছেন আরব লীগের মহাসচিব নাবিল ফাহমি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি রবিবার (১৩ সেপ্টেম্বর) সতর্ক করে বলেন, বলপ্রয়োগের মাধ্যমে এই অঞ্চলের দীর্ঘস্থায়ী সংঘাতের অবসান ঘটানো সম্ভব নয়। বর্তমান পরিস্থিতি দীর্ঘায়িত হলে মধ্যপ্রাচ্যে নতুন করে আরও বড় কোনো সংকটের ঝুঁকি তৈরি হতে পারে।
ইরানের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক নিয়ে আলোচনার সময় ফাহমি বলেন, তেহরানকে তাদের বর্তমান নীতিতে পরিবর্তন আনতে হবে এবং আরব দেশগুলোর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একটি স্পষ্ট ও শক্তিশালী ভিত্তি তৈরি করা প্রয়োজন। এ সময় তিনি বেশ কিছু আরব রাষ্ট্রে ইরানের নেতিবাচক ভূমিকার সমালোচনাও করেন। লেবাননের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে তিনি জানান, এই সংকট কেবল হিজবুল্লাহর কর্মকাণ্ডের ওপর নির্ভর করছে না, বরং ইসরায়েলের অব্যাহত দখলদারিত্বও বিষয়টিকে জটিল করে তুলছে।
অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের সংকটের বিষয়ে মহাসচিব হতাশা প্রকাশ করে জানান, বর্তমানে দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়ন আগের চেয়ে আরও কঠিন হয়ে পড়েছে। তিনি আরও বলেন, গাজায় যুদ্ধবিরতি চুক্তি বজায় রাখতে ফিলিস্তিনিরা আন্তরিক থাকলেও, ইসরায়েলের পক্ষ থেকে ক্রমাগত চুক্তি লঙ্ঘনের ঘটনা মাঠপর্যায়ে শান্তি স্থাপনের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
সূত্র: গালফ বাংলা








