মরক্কোর রাজধানী রাবাতে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ ‘ষষ্ঠ মোহাম্মদ আন্তর্জাতিক পবিত্র কুরআন হিফজ, তিলাওয়াত, তাজবিদ ও তাফসীর প্রতিযোগিতা’র ২০তম আসরে কাতার তৃতীয় স্থান অর্জন করেছে। রাবাতের ‘মোহাম্মদ ষষ্ঠ ইনস্টিটিউট ফর দ্য ট্রেনিং অব ইমামস মরশিদিন অ্যান্ড মরশিদাত’-এ আয়োজিত এই প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত খ্যাতিমান হাফেজ ও কারীগণ অংশ নেন।
প্রতিযোগিতায় কাতারের প্রতিনিধিত্ব করেন হাফেজ ইউসুফ আহমেদ আশীর। তিনি পূর্ণাঙ্গ কুরআন হিফজ, তিলাওয়াত এবং তাফসীর বিভাগে নিজের দক্ষতা প্রদর্শন করে বিশ্বমঞ্চে এই সাফল্য বয়ে আনেন। তার এই অর্জনে সন্তোষ প্রকাশ করেছে কাতারের ধর্মবিষয়ক ও ইসলামি বিষয়ক মন্ত্রণালয় (আওকাফ মন্ত্রণালয়)।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা ও ফোরামগুলোতে কাতারের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং প্রতিভাবান হাফেজদের বৈশ্বিক প্রতিযোগিতার উপযোগী করে গড়ে তোলার ধারাবাহিক অঙ্গীকারের প্রতিফলন এই সাফল্য। আওকাফ মন্ত্রণালয়ের পরিচালিত কুরআন শিক্ষা ও হিফজ কর্মসূচিগুলোর উচ্চমানই আন্তর্জাতিক অঙ্গনে কাতারি প্রতিযোগীদের এমন ধারাবাহিক সাফল্যের মূল কারণ। এই অর্জন পবিত্র কুরআনের খেদমত এবং এর সাম্য, সহনশীলতা ও মানবিক মূল্যবোধ বিশ্ব দরবারে তুলে ধরতে কাতারের ভূমিকা আরও সুদৃঢ় করবে।
সূত্র: গালফ বাংলা








