রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে সব দোকানপাট ও শপিংমল: নতুন নির্দেশনা জারি

প্রকাশ:

বিদ্যুৎ সাশ্রয় ও সুষ্ঠু বিদ্যুৎ ব্যবস্থাপনার অংশ হিসেবে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ এবং আলোকসজ্জা সম্পূর্ণভাবে বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। বুধবার (১২ আগস্ট) বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে জারি করা এক স্মারকে এই নতুন সময়সীমা নির্ধারণ করা হয়।

বিদ্যুৎ বিভাগের উপসচিব মো. মামুন ভূঁইয়ার সই করা ওই স্মারকে বলা হয়েছে, ১২ আগস্ট থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে। নতুন নিয়ম অনুযায়ী, শপিংমল ও দোকানপাট সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। এর আগে গত ১১ জুন জারি করা নির্দেশনা অনুযায়ী দোকানপাট রাত ৯টা পর্যন্ত খোলা রাখার সুযোগ ছিল। নতুন নির্দেশনার মাধ্যমে সেই সময়সীমা এক ঘণ্টা কমিয়ে রাত ৮টা করা হয়েছে।

সরকারি এই সিদ্ধান্তের আওতায় কেবল শপিংমল বা দোকানপাটই নয়, বরং দেশের বিভিন্ন প্রান্তে চলমান বা অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা এবং সব ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানও রাত ৮টার মধ্যে শেষ করতে হবে। তবে এই নির্দেশনার আওতামুক্ত থাকবে হাসপাতাল, ওষুধের দোকান এবং খাবারের দোকানসহ জরুরি সেবামূলক প্রতিষ্ঠানগুলো।

বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে সংশ্লিষ্টদের এই নির্দেশনা যথাযথভাবে পালনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। বিদ্যুৎ সাশ্রয়ের এই উদ্যোগটি দেশের সামগ্রিক বিদ্যুৎ ব্যবস্থাপনাকে আরও কার্যকর করার লক্ষ্যেই নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শেয়ার করুন