কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর দক্ষিণ রুট দিয়ে যাওয়ার সময় একটি বিশাল সুপারট্যাংকারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, দুটি জলমগ্ন সামুদ্রিক মাইনের আঘাতে জাহাজটিতে বিস্ফোরণ ঘটে এবং এটি সম্পূর্ণ অচল হয়ে পড়ে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আইআরজিসির নৌবাহিনী এই ঘটনার পর এক কঠোর সতর্কবার্তায় জানিয়েছে, হরমুজ প্রণালীর নিরাপত্তা বিধি লঙ্ঘনকারী যেকোনো জাহাজের পরিণতি একই রকম হবে। নৌ চলাচলের ক্ষেত্রে আইআরজিসির নির্ধারিত নিয়মকানুন মেনে চলা বাধ্যতামূলক বলে তারা উল্লেখ করেছে। বর্তমানে ইরান হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক চলাচল সীমিত রাখলেও, মার্কিন সহায়তায় কিছু জাহাজ ওমান উপকূলের কাছাকাছি বিকল্প জলপথ ব্যবহারের চেষ্টা করছে। তেহরান এই রুটগুলোকে অবৈধ হিসেবে চিহ্নিত করে বারবার সতর্কবার্তা দিয়ে আসছে।
শিপিং কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানিয়ে আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন সেনাবাহিনীর উসকানিতে বিভ্রান্ত না হয়ে জাহাজ ও ক্রুদের জীবন এবং সম্পদ ঝুঁকির মুখে ঠেলে দেওয়া থেকে বিরত থাকতে হবে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ও জলপথ উন্মুক্ত রাখা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা চরম আকার ধারণ করেছে। লারাক দ্বীপে মার্কিন হামলা এবং এর প্রতিক্রিয়ায় জর্ডান ও আমিরাতের মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার রেশ কাটতে না কাটতেই এই বিস্ফোরণের ঘটনা ঘটল। এই পরিস্থিতি বৈশ্বিক জ্বালানি সরবরাহ এবং সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে নতুন করে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।
সূত্র: গালফ বাংলা








