আগামী দিনের বাংলাদেশকে ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কোরআনের হাফেজদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন নগর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। শনিবার রাজধানীর শ্যামলীর বাদশা ফয়সাল ইনস্টিটিউটে পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ‘হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৬’-এর মোহাম্মদপুর জোনের বাছাই পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
অনুষ্ঠানে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, “আমরা বাংলাদেশের ঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত কোরআনের আইন চাই। আমরা চাই, কোরআনের আইনেই এই দেশ পরিচালিত হবে এবং বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ।” তিনি আরও বলেন, “আমরা চাই আমাদের প্রিয় জন্মভূমি আল্লাহর দেওয়া বিধি-বিধানের আলোকে চলুক।” তিনি কনিষ্ঠ হাফেজদের কেবল মসজিদ-মাদ্রাসার গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে রাষ্ট্রের সর্বস্তরে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা অর্জনের পরামর্শ দেন। আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব আলেম-ওলামারাই দেবেন বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তিনি। এছাড়া প্রতিযোগিতার তিন গ্রুপের নয়জন বিজয়ীকে ওমরাহ করানোর ঘোষণা দেন তিনি।
শায়খ আবদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক সোনার বাংলার সহকারী সম্পাদক ড. মুহাম্মদ রেজাউল করিম। তিনি আয়োজকদের প্রশংসা করে বলেন, “আমরা যদি সর্বত্র কোরআনের শাসন কায়েম করতে পারি, তবে সমাজ থেকে অনাচার দূর হবে।” তিনি আরও বলেন, ঢাকাকে মসজিদের শহর বলা হলেও ইনসাফের অভাবে মানুষ জুলুমের শিকার হচ্ছে। এই নগরীতে আলেম-ওলামারা ঐক্যবদ্ধ হলে ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব। ড. রেজাউল করিম বলেন, “আমরা মোহাম্মদ সেলিম উদ্দিনকে ঢাকা উত্তরে নির্বাচিত করে ইনসাফ প্রতিষ্ঠা করব, ইনশাআল্লাহ।”
দিনব্যাপী এই প্রতিযোগিতায় ক্ষুদে হাফেজদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও কোরআন তিলাওয়াতে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিযোগিতার পরবর্তী ধাপগুলোতে নির্বাচিত প্রতিযোগীদের অংশগ্রহণের মাধ্যমে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। প্রতিবেদনে যোগ করা তথ্য: মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর বিভিন্ন সুন্নাহ নিয়ে আলোচনা করে সেলিম উদ্দিন মুসলিম জীবনে রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহ অনুসরণের গুরুত্ব তুলে ধরেন।
সূত্র: দৈনিক আমার দেশ







