হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ হয় জি এম কাদেরের

প্রকাশ:

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের জানিয়েছেন, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার নিয়মিত যোগাযোগ হয়। সম্প্রতি একটি ইউটিউব পডকাস্টে তিনি দাবি করেন, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলেও বর্তমান সরকার তাকে বাধা দিচ্ছে। জি এম কাদেরের দাবি অনুযায়ী, হাসিনা সবার সঙ্গেই কথা বলছেন এবং তিনি তার জনপ্রিয়তার কারণে বর্তমান সরকার তাকে ভয় পায়। এই ভিডিও ক্লিপটির সত্যতা নিশ্চিত করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী লায়েস আহমেদ। নিউ এইজে প্রকাশিত এক খবরে এ কথা বলা হয়।

একই পডকাস্টে জি এম কাদের দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির বিষয়ে নিজের দলের সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। তিনি অভিযোগ করেন যে, তার দল নিয়মিত রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারছে না। বিশেষ করে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে যখনই মিছিল বের করার উদ্যোগ নেওয়া হয়েছে, তখনই পুলিশের পক্ষ থেকে নেতাকর্মীদের হুমকি দেওয়া হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যানের ভাষ্যমতে, পুলিশ তাদের দলীয় কার্যালয় থেকে বের হতে নিষেধ করেছে এবং বাইরে বের হলে হামলার শিকার হওয়ার সতর্কতা দেওয়া হয়েছে। জি এম কাদের বলেন, জ্বালানির দাম বাড়ানোর প্রতিবাদে আমরা যখন মিছিল বের করতে চাই, তখন পুলিশ আমাদের বলে, আমরা যেন কার্যালয় থেকে বের না হই।

শেয়ার করুন