প্রবাসীদের দক্ষতা কাজে লাগানোর আহ্বান ডা. শফিকুর রহমানের

প্রকাশ:

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার ক্রাউন প্লাজা হোটেলে আয়োজিত এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান দেশের উন্নয়নে প্রবাসী বাংলাদেশীদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় ‘জুলাই অভ্যুত্থান ও পরবর্তী সময়’ শীর্ষক এই আলোচনা সভায় তিনি বলেন, প্রবাসী বাংলাদেশীরা তাঁদের অসামান্য মেধা, কঠোর পরিশ্রম ও পেশাগত দক্ষতার মাধ্যমে বিশ্বজুড়ে নিজেদের এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তাঁদের এই অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা নতুন বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে কাজ করবে।

অনুষ্ঠানের শুরুতে হাফেজ সাদিক হাসান বান্না ও ড. এমদাদুল হক পবিত্র কোরআন তেলাওয়াত এবং এর মর্মার্থ ব্যাখ্যা করেন। ড. মাসুদ রহমানের সঞ্চালনায় আয়োজিত এই পর্বে অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রান্তে বসবাসরত পেশাজীবী, শিক্ষাবিদ, কমিউনিটি নেতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশীরা অংশগ্রহণ করেন। তারা দেশের বর্তমান পরিস্থিতি ও জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এবং ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান। তাঁরাও বাংলাদেশের চলমান উন্নয়ন ও আগামীর পথচলায় প্রবাসীদের ভূমিকার ওপর আলোকপাত করেন।

আলোচনা সভা শেষে এক উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে প্রবাসীরা প্রধান অতিথির সঙ্গে সরাসরি বিভিন্ন বিষয়ে মতবিনিময় করার সুযোগ পান। অনুষ্ঠানে আগত প্রবাসী বাংলাদেশীরা দেশের ভবিষ্যত বিনির্মাণে নিজেদের সম্পৃক্ততা ও বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন, যা আয়োজনের সমাপ্তি পর্যায়ে এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি করে।

শেয়ার করুন