নিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশ:

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বিশেষ করে গোপালগঞ্জে দুই ব্যাটালিয়ন সদস্য মোতায়েনের পাশাপাশি সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিরাপত্তা জোরদার করতে ড্রোন এবং বডি-ওর্ন ক্যামেরার মতো আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে।

মঙ্গলবার বিজিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ঢাকা ছাড়াও গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম এবং কক্সবাজারে বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। এসব এলাকায় বিজিবি সদস্যরা স্থানীয় জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশ্লিষ্ট জেলাগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনা এবং শিল্পাঞ্চলসহ স্পর্শকাতর স্থানগুলোতে বিজিবি কড়া নজরদারি বজায় রাখছে। যেকোনো ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা কিংবা জননিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি হতে পারে এমন যেকোনো অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড প্রতিরোধে তারা সক্রিয় রয়েছে।

মাঠপর্যায়ের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও সমন্বয়ের কাজ করছে বিজিবি সদর দপ্তরের একটি বিশেষ মনিটরিং সেল। আধুনিক ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও চিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় পেশাদারত্ব, ধৈর্য ও শৃঙ্খলার পরিচয় দিয়ে কাজ করছে বিজিবি। সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল নিশ্চিত করা এবং তাদের জানমালের নিরাপত্তা বিধানে বিজিবি সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে বদ্ধপরিকর।

শেয়ার করুন