নেতাকর্মীদের নিরাপত্তা ও সহিংসতার বিচারের দাবি সিটিজেন ইনিশিয়েটিভের

প্রকাশ:

জুলাই গণঅভ্যুত্থানের অংশীজন, সরকারি ও বিরোধী দলীয় সংসদ সদস্য, ডাকসু ভিপি সাদিক কায়েমসহ রাজনৈতিক নেতাদের পরিবার ও ঘরবাড়িতে হামলা, ভাঙচুর ও ককটেল নিক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে সিটিজেন ইনিশিয়েটিভ। এসব সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হয়ে সংগঠনের পক্ষ থেকে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা এবং সংশ্লিষ্ট পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। রোববার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংস্থাটি সরকারের কাছে তাদের এই অবস্থান ও পাঁচ দফা দাবি পেশ করে। ভবিষ্যতে এ ধরনের সহিংসতা মোকাবিলায় আগাম কার্যকর ব্যবস্থা নিতে সরকারের প্রতি জোর আহ্বান জানিয়েছে সংগঠনটি।

বিবৃতিতে গণমাধ্যমের সংবাদ ও বিভিন্ন অভিযোগের তথ্য উল্লেখ করে বলা হয়, সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের নেতৃত্বে গোপালগঞ্জে সংসদ সদস্য এস এম জিলানী এবং ডা. কে এম বাবরের বাসভবন ও প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ চালানো হয়েছে। এছাড়া কয়েকটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারেও হামলা চালানো হয়। পাশাপাশি এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন দেওয়া হয়েছে।

ছাত্রনেতাদের টার্গেট করে হামলা ও হুমকির কয়েকটি ঘটনাও তুলে ধরা হয় বিবৃতিতে। এর মধ্যে রয়েছে ডাকসু ভিপি সাদিক কায়েমের পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা, ডাকসু নেতা মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদের বাড়িতে আক্রমণ ও অগ্নিসংযোগ, ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতা হাসিব আল ইসলামের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা এবং স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক মাহিন আল ইসলামের ঘর লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপের অভিযোগ।

সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতার চিত্র তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৭ ও ১৮ নভেম্বরের হামলায় কমপক্ষে চারজন প্রাণ হারিয়েছেন। এ জাতীয় সব হত্যাকাণ্ড, ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা প্রতিরোধ করার দাবি জানানো হয়েছে। একইসঙ্গে এসব হামলায় নিহতদের স্বজনদের জন্য উপযুক্ত বিচার এবং আহত ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের যথাযথ পুনর্বাসন ও সহায়তার আহ্বান জানিয়েছে সিটিজেন ইনিশিয়েটিভ। বিবৃতিতে গণমাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে বলা হয়, গত ১৭ ও ১৮ নভেম্বরের হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন।

সংগঠনটির মতে, বিগত ১৫ বছরের শাসনাকালে সংঘটিত গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন ও রাজনৈতিক নিপীড়নসহ জুলাই গণঅভ্যুত্থানের গণহত্যার বিচার করা রাষ্ট্রের মূল দায়িত্ব। এ উদ্দেশ্যে তারা সরকারের কাছে পাঁচ দফা দাবি পেশ করেছে। দাবিগুলোর মূল বিষয় হলো গণঅভ্যুত্থানের সব স্তরের অংশীজন, সংসদ সদস্য, ছাত্রনেতা ও তাদের পরিবারের পূর্ণ সুরক্ষা নিশ্চিত করা। এছাড়া সাম্প্রতিক হামলা, অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপের পেছনের মূল পরিকল্পনাকারী, অর্থদাতা ও নির্দেশদাতাদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে চিহ্নিত করে শাস্তি দেওয়া। সিটিজেন ইনিশিয়েটিভ মনে করে, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যা, নির্বিচার হত্যাকাণ্ড, গুম, বিচারবহির্ভূত হত্যা, নির্যাতন ও রাজনৈতিক নিপীড়নসহ বিগত ১৫ বছরের শাসনামলের সব মানবাধিকার লঙ্ঘন ও রাষ্ট্রীয় অপরাধের বিচার নিশ্চি। অতীতের অপরাধের বিচার যেমন জরুরি, তেমনি বর্তমানের রাজনৈতিক সহিংসতা প্রতিরোধ করাও রাষ্ট্রের দায়িত্ব।

বিবৃতিতে আরও বলা হয়, অতীতের সব মানবাধিকার লঙ্ঘনের বিচার আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী দ্রুত ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে হবে। রাজনৈতিক প্রভাব বা দলীয় পরিচয় বিবেচনা না করে অপরাধীদের শাস্তি প্রদান এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের বন্দোবস্ত করার দাবি জানানো হয়। সিটিজেন ইনিশিয়েটিভের মতে, কোনো নিষিদ্ধ রাজনৈতিক মতাদর্শের ছদ্মবেশে অপকর্মের দায় এড়ানো সম্ভব নয়। প্রতিশোধের বদলে দেশে আইনের শাসন, প্রশাসনিক জবাবদিহিতা ও ভুক্তভোগীদের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠাই তাদের প্রধান লক্ষ্য। বিবৃতির শেষে সিটিজেন ইনিশিয়েটিভ জানায়, তারা প্রতিশোধ নয়; বরং আইনের শাসন প্রতিষ্ঠা, অপরাধীদের জবাবদিহি এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার চায়।

শেয়ার করুন