রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হয়েছে। সোমবার সকাল ১০টা ২০ মিনিটে কেন্দ্রটির প্রথম ইউনিটের মাধ্যমে ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। এই ধাপে ১০ থেকে ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বজায় রেখে কেন্দ্রের উৎপাদন সক্ষমতা এবং জাতীয় গ্রিডের সঙ্গে এর সমন্বিত পরিচালন ব্যবস্থা যাচাইয়ের কাজ চলছে। প্রকল্পের পরিচালক ড. মো. কবীর হোসেন জানান, পরীক্ষামূলক এই বিদ্যুৎ সরবরাহের পর পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এর আগে গত ১৭ নভেম্বর প্রথমবারের মতো রূপপুর কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ করা হয়েছিল। সেই সময় সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে প্রায় সাড়ে আট ঘণ্টা গ্রিডে সরবরাহ চালু ছিল এবং রাত ১১টা ৫০ মিনিটে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ওই দিন সরবরাহ করা বিদ্যুতের বাজারমূল্য ছিল প্রায় ২ কোটি টাকা।
নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান জানান, প্রথম গ্রিড সংযোগের সময় টারবাইন, জেনারেটর এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত কার্যক্রম ও এর স্থিতিশীলতা নিবিড়ভাবে পরীক্ষা করা হয়েছে। প্রথম পর্যায়ের ফলাফলে সন্তোষ প্রকাশ করে তিনি জানান, নির্দিষ্ট সময় বিরতি দেওয়ার পর দ্বিতীয় দফায় আবারও গ্রিড সংযোগ দেওয়া হয়েছে। এবারের পরীক্ষায়ও কারিগরি দিকগুলো পর্যবেক্ষণের পর পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সংযোগ বিচ্ছিন্ন করা হবে।
সূত্র: মানবজমিন








