সশস্ত্র গোষ্ঠী হুতিদের বড় ধরনের অগ্রযাত্রা ঠেকানোর লক্ষ্যে সৌদি আরবের সমর্থিত ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের কাছে অস্ত্র সরবরাহ করেছে পাকিস্তান। গত সেপ্টেম্বর মাসে চারটি কার্গো বিমানের মাধ্যমে এই সামরিক সহায়তা পৌঁছানো হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, এসব অস্ত্র দেশটির বন্দরনগরী এডেনে এসে পৌঁছেছে। এই উদ্যোগের মাধ্যমে ইয়েমেনের চলমান সংকটে পাকিস্তানের সক্রিয় অংশগ্রহণ আরও স্পষ্ট হয়ে উঠল।
পাকিস্তানের একজন সরকারি কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, এডেনে পাঠানো সামরিক সরঞ্জামের মধ্যে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন ও ড্রোন প্রতিরোধী প্রযুক্তি এবং হালকা কামান রয়েছে। একই সঙ্গে পাকিস্তানের সামরিক উপদেষ্টারাও সৌদি কর্মকর্তাদের সঙ্গে ইয়েমেনে অবস্থান করে স্থানীয় সেনাদের কারিগরি ও কৌশলগত সহায়তা প্রদান করছেন।
পশ্চিমা ও আরব বিশ্বের একাধিক কর্মকর্তার বরাতে মিডল ইস্ট আই জানিয়েছে, হুতিরা ইতোমধ্যেই ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূলের নিয়ন্ত্রণ নিজেদের দখলে নিয়েছে। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সৌদি আরবও বড় ধরনের সামরিক অভিযানের পূর্ণ প্রস্তুতি গ্রহণ করছে। পাকিস্তান সরকারের এই সামরিক সহায়তা মূলত ওই অভিযানেরই একটি অংশ হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: গালফ বাংলা








