ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, জনগণের সমর্থন এবং রাষ্ট্রিয় সকল বিভাগের সমন্বয়ে ইরানি সশস্ত্র বাহিনীর সাহসী প্রতিরোধ শত্রুর হিসাবনিকাশ ভেস্তে দিয়েছে। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষাপটে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, ইসলামী প্রজাতন্ত্র ইরান এই যুদ্ধ শুরু করেনি। শত্রুরা ভেবেছিল তাদের সামরিক কৌশল ইরানের পতনের পথ প্রশস্ত করবে এবং তারা তাদের লক্ষ্য অর্জন করতে পারবে, কিন্তু সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছে।
প্রেসিডেন্ট পেজেশকিয়ান ইরানের বিরুদ্ধে চালানো হামলার ধরণ নিয়ে অভিযোগ করে বলেন, আমেরিকা আরব দেশগুলোর ভূখণ্ডে অবস্থিত ঘাঁটি ব্যবহার করে ইরানের স্থাপনা ও কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করেছে। তিনি প্রশ্ন তোলেন, মিনাব স্কুলে কোন দেশ থেকে হামলা চালানো হয়েছিল? বিশেষ করে কিছু মুসলিম ও প্রতিবেশী দেশের ভূখণ্ড ব্যবহার করে এমন আগ্রাসন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি স্পষ্ট করেন যে, ইরানের নীতি প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্যবস্তু করা নয়, বরং পাল্টা হামলা কেবল সেই দেশগুলোতেই হবে যেখান থেকে ইরানের ওপর হামলা চালানো হচ্ছে।
তিনি আরও প্রশ্ন তোলেন, কিসের ভিত্তিতে মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলে সামরিক ঘাঁটি স্থাপন করবে এবং মুসলিম দেশগুলোকে দমন করবে? তিনি স্পষ্ট করে বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান কখনোই নিজেকে বিদেশী শক্তির অধীন মনে করে না এবং আধিপত্যকে প্রত্যাখ্যান করে। ইরানের কোনো দেশকে ধমকানোর উদ্দেশ্য নেই, তবে তারা বিদেশী শক্তির কাছে মাথা নত করবে না।
পরিশেষে, ইরানের প্রেসিডেন্ট ইরানি সশস্ত্র বাহিনীর বীরত্বের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, তাদের আত্মত্যাগ বিশ্বকে বিস্মিত করেছে এবং এই সাফল্য মূলত ইরানি জনগণের অতুলনীয় সমর্থনেরই ফসল।
সূত্র: Probash Khabor








