ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির বিরল ভিডিও প্রকাশ করল মেহের নিউজ

প্রকাশ:

ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির একটি বিরল ভিডিও প্রকাশ করেছে। গতকাল শনিবার টেলিগ্রামের মাধ্যমে ভিডিওটি সামনে আনা হয়। ফুটেজে দেখা যায়, মোজতবা খামেনিকে ঘিরে রেখেছেন কয়েকজন ব্যক্তি এবং তিনি তাদের সঙ্গে কথা বলছেন। তবে ভিডিওটি ঠিক কোথায় বা কখন ধারণ করা হয়েছে, সে বিষয়ে মেহের নিউজের প্রতিবেদনে কোনো তথ্য দেওয়া হয়নি। এমনকি তাঁর পাশে থাকা ব্যক্তিদের পরিচয়ও প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে সামরিক হামলা চালায়। ওই ভয়াবহ হামলায় তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, বেশ কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার এবং সাধারণ নাগরিক নিহত হন। এই ঘটনার প্রতিক্রিয়ায় ইরান ওই অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটি ও স্থাপনায় দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনি। বাবার মৃত্যুর পর গত মার্চ মাসের শুরুর দিকে ইরানের ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ তাঁকে দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে। বর্তমান পরিস্থিতিতে তাঁর এই ভিডিও প্রকাশকে বেশ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

শেয়ার করুন