কাতারের সামুদ্রিক পরিবেশ সুরক্ষা এবং পর্যবেক্ষণ ব্যবস্থার আধুনিকায়নে এক যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছে দেশটির পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পরিবেশ পর্যবেক্ষণ ও পরিদর্শন অধিদপ্তরের সরাসরি তত্ত্বাবধানে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে প্রযুক্তিভিত্তিক আধুনিক প্রকল্প ‘স্মার্ট অবজারভার’। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো সমুদ্রের তলদেশ ও উপকূলীয় অঞ্চলের পরিবেশগত অবস্থা নিখুঁতভাবে যাচাই করা।
প্রকল্পের আওতায় ব্যবহৃত দূরনিয়ন্ত্রিত বা রিমোট-কন্ট্রোল ড্রোন নৌকাটি সামুদ্রিক পরিবেশের তথ্য সংগ্রহ ও নমুনা পরীক্ষার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে। এতে যুক্ত করা হয়েছে অত্যাধুনিক সেন্সর ও প্রযুক্তি, যা পানির গুণগত মান পরীক্ষা এবং রাসায়নিক ভারসাম্য বিশ্লেষণের মতো জটিল কাজগুলো স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করতে সক্ষম। প্রচলিত নৌকার তুলনায় এই ড্রোন নৌকাটি অনেক কম সময়ে বিশাল এলাকা জুড়ে তদারকি চালাতে পারে, যা দ্রুত ও নির্ভুল তথ্য নিশ্চিত করে।
প্রতিকূল আবহাওয়ায় মানুষের সরাসরি উপস্থিতি ছাড়াই নিরবচ্ছিন্নভাবে পরিবেশগত সমীক্ষা ও পরিমাপ কার্যক্রম পরিচালনা করা এই প্রযুক্তির অন্যতম বড় বৈশিষ্ট্য। এর ফলে প্রশাসনিক সময় ও খরচ সাশ্রয়ের পাশাপাশি সরকারি সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হচ্ছে। এই উদ্যোগটি মূলত কাতারের সামুদ্রিক বাস্তুতন্ত্র রক্ষায় একটি দূরদর্শী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রযুক্তিনির্ভর পরিবেশ সুরক্ষার এই প্রকল্পের মাধ্যমে কাতার সরকার তাদের পরিবেশগত লক্ষ্য অর্জনে আরও এক ধাপ এগিয়ে গেল। টেকসই উন্নয়নের অংশ হিসেবে এই স্মার্ট প্রযুক্তি দেশের সমুদ্রসীমার নিরাপত্তা ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। (তথ্যসূত্র ও প্রচ্ছদ চিত্র: পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় – কাতার)
সূত্র: গালফ বাংলা








