কারাবন্দি ইমরান খানকে হাসপাতালে নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

প্রকাশ:

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কারাবন্দি ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। মঙ্গলবার এই সংক্রান্ত একাধিক আবেদনের শুনানি শেষে আদালত তার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আদেশ দেন। একইসঙ্গে তার সুচিকিৎসা নিশ্চিত করতে একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠনের নির্দেশনাও দেওয়া হয়েছে।

বিচারপতি শহিদ ওয়াহিদের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই আদেশ প্রদান করেন। বেঞ্চের অন্য দুই সদস্য হলেন বিচারপতি নাঈম আখতার আফগান ও বিচারপতি ইশতিয়াক ইব্রাহিম। শুনানিকালে বিচারপতি শহিদ ওয়াহিদ স্পষ্ট করেন যে, একজন বন্দির স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব এবং মৌলিক অধিকারের বিষয়টি বিবেচনায় নিয়েই আদালত এই সিদ্ধান্ত নিয়েছেন।

আদালত আরও জানান, পাকিস্তানের সংবিধানের ৯ অনুচ্ছেদে প্রতিটি নাগরিকের জীবনের অধিকার এবং চিকিৎসাসেবা পাওয়ার অধিকারের নিশ্চয়তা দেওয়া হয়েছে। সেই সাংবিধানিক বাধ্যবাধকতা থেকেই ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষার এই নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, গঠিত মেডিকেল বোর্ডে ইমরানের ব্যক্তিগত চিকিৎসকের পাশাপাশি তার বোন ডা. উজমা খানকেও অন্তর্ভুক্ত করতে হবে।

চিকিৎসার পাশাপাশি ইমরান খানের পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত সাক্ষাতের সুযোগ দেওয়ার বিষয়টিও নিশ্চিত করতে বলেছে আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে প্রতি সপ্তাহে ইমরান খান তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন। কারাবন্দি অবস্থায় তার মৌলিক অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যেই আদালত এই গুরুত্বপূর্ণ নির্দেশনাগুলো প্রদান করেছেন।

শেয়ার করুন