কিম জং উনের সঙ্গে পুরোনো ছবি শেয়ার করে ব্যক্তিগত সম্পর্কের কথা জানালেন ডোনাল্ড ট্রাম্প

প্রকাশ:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে তোলা একটি পুরোনো ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে প্রকাশ করেছেন। ছবিতে দুজনকে বেশ গম্ভীর দেখালেও, কিমের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ভালো বলে আবারও দাবি করেছেন মার্কিন এই প্রেসিডেন্ট। ট্রাম্প তার পোস্টে উল্লেখ করেন যে, নির্দিষ্ট এই ছবিতে তাদের চেহারা বন্ধুভাবাপন্ন না মনে হলেও, এমন আরও অনেক ছবি রয়েছে যেখানে তাদের হাসিখুশি দেখা যায়। পিয়ংইয়ংয়ের সঙ্গে সম্পর্কের নানা চড়াই-উতরাই ও ভূ-রাজনৈতিক উত্তেজনার মধ্যেই হোয়াইট হাউসের পক্ষ থেকে কোনো পূর্বশর্ত ছাড়াই আলোচনার টেবিলে বসার আগ্রহ বারবার ব্যক্ত করা হচ্ছে।

অন্যদিকে, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার তীব্র সমালোচনা করেছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এ ধরনের উসকানিমূলক পদক্ষেপ আঞ্চলিক পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে। তবে দুই নেতার মধ্যকার পুরোনো সুসম্পর্কের এই স্মৃতিচারণা নতুন কোনো কূটনৈতিক যোগাযোগের ইঙ্গিত বহন করে কি না, তা নিয়ে আন্তর্জাতিক মহলে চলছে চুলচেরা বিশ্লেষণ। ট্রাম্পের এই সাম্প্রতিক পোস্টটি দুই দেশের মধ্যকার স্থবির হয়ে থাকা আলোচনার ক্ষেত্রে নতুন কোনো মোড় তৈরি করবে কি না, তা এখন দেখার বিষয়।

শেয়ার করুন