চট্টগ্রামে নিষিদ্ধ আওয়ামী লীগের গোপন বৈঠক থেকে সাংবাদিকসহ ১৫ জন গ্রেপ্তার

প্রকাশ:

চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একটি গোপন বৈঠক থেকে এক সাংবাদিকসহ ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মনসুরাবাদ ওয়াপদা কলোনি সংলগ্ন হাজী ফজলুল করিম চৌধুরীর ‘রয়েল টাচ’ অ্যাপার্টমেন্টের পঞ্চম তলায় অভিযান চালিয়ে তাদের আটক করে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদ শেষে তাদের গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে পাঁচজন নারী রয়েছেন।

পুলিশ জানায়, ১৫ আগস্ট উপলক্ষে বিশেষ আলোচনা সভার আয়োজন করতে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ওই স্থানে জড়ো হয়েছিলেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট উম্মে হাবিবা, হালিশহর থানা আওয়ামী লীগের দপ্তরবিষয়ক সম্পাদক ইস্কান্দার মির্জা এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বঙ্গবন্ধু পরিষদের ধর্মবিষয়ক সম্পাদক শুভ আইচ।

তালিকায় থাকা অন্যান্যদের মধ্যে রয়েছেন চন্দনাইশ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক কামেলা খানম রুপা, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সদস্য ও ছাত্রলীগের সাবেক সহসম্পাদক সুজলা অন্তরা এবং বঙ্গবন্ধু পরিষদের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক শারমিনা ইয়াসমিন নিশু। এছাড়া সঞ্জয় কান্তি নাথ, এস এম সালাউদ্দিন, আহসান আবিদ, সুলতান মাহমুদ জিদান, পার্থ প্রতিম নন্দী, সাংবাদিক যীশু রায় চৌধুরী, মশিউর রহমান আবীর, আয়েশা হেভেন ও মোহাম্মদ জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় থানায় ১২ নম্বর মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ সম্পন্ন করার পর গ্রেপ্তারকৃত ১৫ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন