দুপুরের মধ্যে ১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস

প্রকাশ:

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার (১৭ আগস্ট) দুপুর ১টার মধ্যে দেশের কয়েকটি জেলায় ৬০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। একইসঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অফিসের তথ্যমতে, ঝোড়ো হাওয়ার পাশাপাশি বজ্রপাত ও বৃষ্টির আশঙ্কা থাকায় নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল করতে পরামর্শ দেওয়া হয়েছে। দেশের উপকূলীয় ও অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য এই সতর্কতা জারি করা হয়েছে, যা দুপুর পর্যন্ত কার্যকর থাকবে।

শেয়ার করুন