ফিফা সভাপতি পদে প্রার্থিতায় সমর্থন হারালেন ইনফান্তিনো

প্রকাশ:

ফিফা সভাপতি হিসেবে নতুন করে দায়িত্ব পাওয়ার লড়াইয়ে বড় ধরনের হোঁচট খেলেন জিয়ান্নি ইনফান্তিনো। এবার তার নিজের দেশ সুইজারল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এসএফভি) তার প্রার্থিতার প্রতি দেয়া সমর্থন আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নিয়েছে। চলতি বছরের জুন মাসে সংগঠনটি ইনফান্তিনোকে সমর্থন দেয়ার ঘোষণা দিলেও, মাত্র কয়েক মাসের ব্যবধানে নিজেদের অবস্থান থেকে সরে এলো তারা। গত বুধবার এক বিবৃতিতে এসএফভি জানায়, ফিফার বর্তমান নেতৃত্ব, সুশাসন, স্বচ্ছতা এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক বিভিন্ন ঘটনা মৌলিক প্রশ্নের জন্ম দিয়েছে, যা পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এসএফভি সভাপতি পিটার ক্নাবেল জানান, বাণিজ্যিক প্রস্তাবের পটভূমি ও দায়বদ্ধতা নিয়ে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি। গত বুধবার এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ‘জুন ২০২৬-এ জিয়ান্নি ইনফান্তিনোর আরও এক মেয়াদে ফিফা সভাপতি পদে প্রার্থিতার প্রতি যে সমর্থন ঘোষণা করা হয়েছিল, তা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। চলতি সপ্তাহে বৈঠকে ইনফান্তিনোর প্রার্থিতায় সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় এসএফভির কেন্দ্রীয় কমিটি।

চলতি বছরের জুলাই মাসে বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের একাংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির প্রস্তাব দিয়ে সমালোচনার মুখে পড়েন ইনফান্তিনো। তিন মহাদেশীয় কনফেডারেশনের তীব্র বিরোধিতার মুখে সেই প্রস্তাব বাতিল করতে বাধ্য হন তিনি। এই ঘটনার প্রেক্ষাপটে ৩০শে জুলাই প্রথম দেশ হিসেবে ফিনল্যান্ড ইনফান্তিনোর সমর্থন থেকে সরে দাঁড়ায়। পরবর্তীতে ওয়েলস, সার্বিয়া, ইংল্যান্ড, ইতালি (এফআইজিসি) এবং ১০ই সেপ্টেম্বর ফ্রান্স একই পথে হাঁটে। ফরাসি ফুটবল ফেডারেশনের ভাষ্যমতে, জুন মাসে সমর্থন দেয়ার শর্তগুলো এখন আর পূরণ করা সম্ভব হচ্ছে না; ফিফার ভাবমূর্তি ও ঐক্যে সভাপতিকে ঘিরে ওঠা বিতর্ক গুরুতর আঘাত হেনেছে।

পরিস্থিতি কেবল এখানেই সীমাবদ্ধ নেই, ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফাও ইনফান্তিনোর ওপর চাপ বাড়িয়ে একটি চিঠি দিয়েছে। এতে উদ্বেগ প্রকাশ করা হয়েছে যে, ইনফান্তিনো এবং তার ব্যবসায়িক অংশীদাররা কোনো তথ্য বা প্রমাণ মুছে ফেলার চেষ্টা করছেন কি না। তবে সব ক্ষেত্রেই যে তিনি সমর্থন হারাচ্ছেন তা নয়; এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা বিতর্কিত বিনিয়োগ প্রস্তাবের বিরোধিতা করলেও, আগস্ট মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ইনফান্তিনোর প্রতি সমর্থন জানিয়েছেন।

২০২৭ সালের ১৮ই মার্চ মরক্কোর রাবাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৭৭তম ফিফা কংগ্রেস, যেখানে পরবর্তী সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে ২০১৯ ও ২০২৩ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া ইনফান্তিনো এবার চতুর্থ মেয়াদের জন্য লড়ার পরিকল্পনা করছেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী আগ্রহী প্রার্থীদের মনোনয়ন জমা দেয়ার চূড়ান্ত সময়সীমা আগামী ১৮ই নভেম্বর পর্যন্ত নির্ধারিত রয়েছে।

শেয়ার করুন