মধ্যপ্রাচ্য সফরে মার্কিন সিনেটর ক্রিস মারফি

প্রকাশ:

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান ইরানবিরোধী যুদ্ধের প্রভাব ও ক্ষয়ক্ষতির বিষয়টি সরাসরি খতিয়ে দেখতে মধ্যপ্রাচ্য সফর শুরু করেছেন মার্কিন সিনেটর ক্রিস মারফি। এই সফরের মাধ্যমে তিনি সংঘাত নিরসনে তৎপর বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করবেন। সফরের অংশ হিসেবে মারফি এরই মধ্যে কাতারে পৌঁছেছেন এবং এরপর তিনি সৌদি আরবের রাজধানী রিয়াদে সফর করবেন। যুদ্ধ পরিস্থিতি শুরুর পর মধ্যপ্রাচ্যে যাওয়া প্রথম ডেমোক্র্যাট সিনেটর হিসেবে তিনি এই সফরটি করছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, সফরে সৌদি আরবের রাজধানী রিয়াদেও যাবেন।

নিজের সফরের তিনটি মূল লক্ষ্যের কথা তুলে ধরেছেন এই সিনেটর। প্রথমত, মার্কিন স্থাপনাগুলোতে যুদ্ধের ফলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তিনি ব্যক্তিগতভাবে পরিদর্শন করবেন। তার মতে, বর্তমান পরিস্থিতিতে মার্কিন সিনেট সদস্যদের সরাসরি অঞ্চলটিতে উপস্থিত থাকা অত্যন্ত জরুরি। দ্বিতীয়ত, কাতার ও সৌদি আরবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তিনি চলমান যুদ্ধের প্রভাব এবং সংঘাত বন্ধে গৃহীত পদক্ষেপসমূহ নিয়ে বিস্তারিত আলাপ-আলোচনা করবেন। একই সঙ্গে সংঘাত বন্ধে কাজ করা ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করাও তার সফরের অন্যতম উদ্দেশ্য।

তৃতীয়ত, পুরো উপসাগরীয় অঞ্চল নিয়ে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ পররাষ্ট্রনীতি ও কৌশল নতুন করে নির্ধারণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়েছেন মারফি। যুদ্ধ যখন চরম পর্যায়ে রয়েছে, তখন দুই দলের মার্কিন নীতিনির্ধারকদের সরাসরি মধ্যপ্রাচ্যের পরিস্থিতি পর্যবেক্ষণ ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে পরিস্থিতি অনুধাবনের সুযোগ নেওয়া উচিত বলে তিনি মতপ্রকাশ করেন।

শেয়ার করুন