যুক্তরাষ্ট্র থেকে দুই ইরানি কূটনীতিক বহিষ্কার

প্রকাশ:

জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে আসা ইরানের প্রতিনিধি দলের দুই সদস্যকে বহিষ্কার করা হয়েছে। দেশটি ত্যাগের সরকারি নির্দেশ অমান্য করে নিউইয়র্কে অবস্থান করায় তাদের বিরুদ্ধে এ কঠোর ব্যবস্থা নিয়েছে ওয়াশিংটন। শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা। তিনি জানান, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই পুরো ঘটনায় অত্যন্ত কঠোর অবস্থান গ্রহণ করেছেন।

সূত্র জানায়, জাতিসংঘের সাধারণ অধিবেশন সমাপ্ত হওয়ার বেশ কয়েক দিন পার হয়ে গেলেও ওই দুই কূটনীতিক নিউইয়র্কে রয়ে গিয়েছিলেন। এর আগে গত সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে জাতিসংঘে অবস্থিত ইরানি মিশনকে অবিলম্বে পুরো প্রতিনিধি দলসহ যুক্তরাষ্ট্র ত্যাগের কড়া নির্দেশ দেওয়া হয়েছিল। এরপর শুক্রবার পুনরায় ওয়াশিংটনের পক্ষ থেকে সতর্ক বার্তা পাঠানো হয় যে, ওই দুই সদস্য এখনো দেশটিতে অবস্থান করছেন যা কর্তৃপক্ষের নজরে এসেছে।

নির্ধারিত সময়সীমা পার হওয়ার পরও অবস্থান করায় তাদের অবিলম্বে দেশ ত্যাগের নির্দেশ দেয়া হয়। মার্কিন কর্মকর্তার ভাষ্যমতে, এই চাপের মুখে শেষ পর্যন্ত একজন কূটনীতিক শুক্রবার রাতে এবং অপরজন শনিবার সকালে যুক্তরাষ্ট্র ছাড়তে বাধ্য হন। এই ঘটনার ফলে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার বিদ্যমান কূটনৈতিক অচলাবস্থা আরও ঘনীভূত হওয়ার পাশাপাশি যুদ্ধ পরিস্থিতি অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। অ্যাক্সিওস এই ঘটনাটি প্রথম প্রকাশ করে।

শেয়ার করুন