লক্ষ্মীপুরের রামগতিতে গত পাঁচ দিন ধরে আরাফাত হোসেন শাহীন নামের ১৩ বছর বয়সী এক মাদরাসাছাত্র নিখোঁজ রয়েছে। গত শনিবার সে বাড়ি থেকে বেরিয়ে কমলনগরের তোরাবগঞ্জের ‘দারুস সুন্নাহ ইসলামিয়া মাদরাসা’র উদ্দেশ্যে রওনা হয়। তবে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর আগেই সে নিখোঁজ হয়ে যায়। নিখোঁজের ঘটনায় বৃহস্পতিবার রামগতি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন শিশুটির মা শাহিনুর বেগম। নিখোঁজ শাহীন দারুস সুন্নাহ ইসলামিয়া মাদরাসার হেফজ বিভাগের ছাত্র এবং তার বাড়ি কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নের চর বসু গ্রামে।
পরিবারের ভাষ্যমতে, বাড়ি থেকে বের হওয়ার সময় শাহীনের পরনে ছিল কালো রঙের একটি পাঞ্জাবি এবং মাথায় টুপি ছিল। তার গায়ের রং শ্যামলা এবং উচ্চতা প্রায় ৪ ফুট ৫ ইঞ্চি। নিখোঁজ হওয়ার পর থেকে পরিবারের সদস্য ও মাদরাসার শিক্ষকরা জেলাটির বিভিন্ন সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি চালিয়েও শিশুটির কোনো সন্ধান পাননি। শিশুর বাবা আবুল বাশার জানান, সম্ভাব্য সব জায়গায় খুঁজেও এখন পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
এ বিষয়ে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, শিশুটির মা তাকে মাদরাসা পর্যন্ত এগিয়ে দেননি। পুলিশের প্রাথমিক ধারণা, মাদরাসায় যাওয়ার পথেই সে নিখোঁজ হয়েছে। পড়াশোনার কোনো ভীতি থেকে এমনটা ঘটতে পারে কি না, সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ শিশুটিকে উদ্ধারের জন্য সব ধরণের আইনি তৎপরতা চালাচ্ছে।
সূত্র: দৈনিক আমার দেশ








