হরমুজ প্রণালিতে আরব আমিরাতের তেলবাহী জাহাজে একের পর এক হামলা

প্রকাশ:

হরমুজ প্রণালি অতিক্রমের সময় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির (অ্যাডনক) একটি তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। শনিবার (৮ আগস্ট) রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়ামের মাধ্যমে প্রকাশিত বিবৃতিতে অ্যাডনক জানিয়েছে, হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং বর্তমানে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)।

জিসিসির মহাসচিব জাসেম মোহাম্মদ আলবুদাইভি এই হামলাকে বিপজ্জনক ও অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন। তার মতে, এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথে নৌ চলাচলের নিরাপত্তা ও সুরক্ষার জন্য সরাসরি হুমকি। এই হামলার জন্য ইরানকে দায়ী করেছে সংশ্লিষ্ট পক্ষগুলো। এর আগে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সরকারি ওয়েবসাইট সেপাহ নিউজও ইউএইর একটি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের কথা স্বীকার করেছিল।

অ্যাডনকের তথ্য অনুযায়ী, শুধু চলতি সপ্তাহেই হরমুজ প্রণালিতে তাদের তিনটি জাহাজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত কোম্পানিটির মোট ১৫টি জাহাজ হামলার কবলে পড়েছে। এসব ঘটনায় একজন ক্রু নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। আন্তর্জাতিক এই গুরুত্বপূর্ণ নৌপথে একের পর এক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) পৃথক এক বিবৃতিতে অ্যাডনক জানায়, শুধু চলতি সপ্তাহেই হরমুজ প্রণালিতে তাদের তিনটি জাহাজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হয়েছে।

শেয়ার করুন