মার্কিন নিষেধাজ্ঞার হুমকিকে ‘পুরানো সিনেমা’ বলে উড়িয়ে দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশ:

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণার প্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সোমবার নতুন এই নিষেধাজ্ঞা ঘোষণার কথা জানায় মার্কিন প্রশাসন। আরাগচি এই পদক্ষেপকে একটি পরিচিত ‘সিনেমা’ হিসেবে অভিহিত করে বলেন, মার্কিন নিষেধাজ্ঞার প্যাকেজগুলো বারবার একই সিনেমা দেখার মতো। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র নিয়মিত বিরতিতে নিষেধাজ্ঞা দিয়ে আসছে এবং এটি নতুন কোনো বিষয় নয়। তেহরান এই পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত বলেও তিনি মন্তব্য করেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেন যে, ডোনাল্ড ট্রাম্পের বর্তমান হুমকি বা ধমকের ধরন আগের মার্কিন প্রশাসনগুলোর থেকে ভিন্ন কিছু নয়। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ শুরুর ঘোষণা দেন। স্থানীয় সময় বুধবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প যেকোনো দেশের বিরুদ্ধে ইতিহাসের কঠোরতম অর্থনৈতিক পদক্ষেপ নেওয়ার কথা জানান।

মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, ইরান সমঝোতায় পৌঁছানোর সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। এর ফলে এখন তাদের অভূতপূর্ব মাত্রার অর্থনৈতিক যুদ্ধ ও বিচ্ছিন্নতার মুখোমুখি হতে হবে। ট্রাম্প আরও হুঁশিয়ারি দিয়েছেন যে, ইরানের সঙ্গে বাণিজ্যকারী যেকোনো দেশের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, যেসব দেশ তাদের আর্থিক প্রতিষ্ঠান, ব্যবসা-বাণিজ্য, বিমানবন্দর বা সরকারি সংস্থাকে ইরানের জন্য কোনো ধরনের জীবনরেখা বা সহায়তার সুযোগ করে দেবে, তাদের নিজেদেরই ভয়াবহ অর্থনৈতিক পরিণতির মুখোমুখি হতে হবে।

শেয়ার করুন